বোয়ালখালী উপজেলায় তেল বিক্রয় কেন্দ্রগুলোতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বিভিন্ন প্যাক পয়েন্ট ডিলারের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে কানুনগোপাড়া এলাকার তায়েফ অয়েল স্টোরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। জানা গেছে, দোকানটি প্রতি লিটার অকটেন ১৩৫ টাকায় বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত দামের অতিরিক্তে জ্বালানি বিক্রয়ের কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, আনসার সদস্য এবং বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।